ছবি: সংগৃহীত
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার এক মাস পূর্ণ হওয়ার আগেই আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন তিনি।
রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক, সড়কদ্বীপ, কিন ব্রিজ ও সার্কিট হাউস এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। একই সঙ্গে মাজার ও নগর ভবন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমও সম্পন্ন করা হয়েছে। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনগুলোও প্রস্তুতি নিয়েছে।
সফরসূচিতে যা রয়েছে
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখার কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাঁর বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি। সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বেলা সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে অবস্থান করে রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি
রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেট মহানগর পুলিশ, র্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম জানান, সফরের দিন এক হাজার পুলিশ সদস্যের পাশাপাশি আরও ২০০ সদস্য অতিরিক্ত দায়িত্বে থাকবেন। বিভিন্ন ভেন্যুতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও রাখা হয়েছে।
নাগরিক সংবর্ধনায় থাকছে বিশেষ আয়োজন
সিলেট সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে সিলেট অঞ্চলের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন। নাগরিক সমাজের সাতজন প্রতিনিধি, দুজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।
রাষ্ট্রপতিকে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা ও চা পাতা উপহার দেওয়া হবে। পাশাপাশি ফার্স্ট লেডির জন্য উপহার হিসেবে থাকবে মণিপুরী শাড়ি।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, নাগরিক সংবর্ধনার সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.