সিলেট সিটি করপোরেশন (সিসিক) আয়োজিত বহুল প্রতীক্ষিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে তিনি সিলেট নগর ভবনে এসে পৌঁছান। সংবর্ধনাস্থলে পৌঁছালে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান।
নগর ভবনে আয়োজিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে সিসিকের পক্ষ থেকে রাষ্ট্রপতির হাতে সিলেটের ঐতিহ্যবাহী শীতল পাটি, চা গাছের রেপ্লিকা, উন্নতমানের চা পাতা এবং ফার্স্ট লেডির জন্য মণিপুরী শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথম সফরে মঙ্গলবার সকালে বিমানযোগে সিলেটে পৌঁছান তিনি। সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে দুপুরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। এরপর নির্ধারিত সময়ের কিছুটা পর বিকেল পৌনে ৪টার দিকে তিনি নগর ভবনের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
রাষ্ট্রপতির নগর ভবনে আগমনকে কেন্দ্র করে বন্দরবাজার, জিন্দাবাজার ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সংবর্ধনা অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির সার্কিট হাউসে ফিরে যাওয়ার কথা রয়েছে এবং রাত ৮টায় বিমানযোগে তিনি ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.