ছবি: সংগৃহীত
সৌহার্দ্য, আন্তরিকতা আর সহকর্মীদের ভালোবাসায় আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে সিলেট অঞ্চলের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আজকের সিলেট ডটকম’-এর সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তীর জন্মদিন।
বৃহস্পতিবার রাত ৮টায় নগরীর আজকের সিলেট কার্যালয়ের কনফারেন্স রুমে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। নিউজ পোর্টালের সাংবাদিক ও কর্মকর্তা কর্মচারীরা এতে অংশ নিয়ে সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তীকে ফুলেল শুভেচ্ছা ও জন্মদিনের অভিনন্দন জানান। সহকর্মীদের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক আন্তরিক মিলনমেলায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের সিলেটের প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী সম্পাদক মিজান মুহাম্মদ।
এ সময় সাইফুর রহমান তালুকদার বলেন, ‘রজত কান্তি চক্রবর্তী শুধু একজন সম্পাদক ও প্রকাশক নন, তিনি আমাদের কাছে অভিভাবকতুল্য। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও আন্তরিক নেতৃত্ব আমাদের পেশাগত পথচলায় অনুপ্রেরণা জোগায়। জন্মদিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মময় সমৃদ্ধ জীবন কামনা করছি।’
সহকারী সম্পাদক মিজান মুহাম্মদ বলেন, ‘একজন অভিজ্ঞ ও শ্রদ্ধেয় মানুষের সঙ্গে কাজ করার সুযোগ আমাদের জন্য অত্যন্ত গর্বের। তাঁর স্নেহ, পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের সাংবাদিকতার পথকে আরও সমৃদ্ধ করছে। জন্মদিনে তাঁর প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।’
জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আজকের সিলেটের সাব-এডিটর আহমেদ পাবেল, নিজস্ব প্রতিবেদক শিপন চন্দ জয় ও জনি কান্ত শর্মা, বাংলাভিশনের ভিডিও জার্নালিস্ট মো. আজমল আলী, আজকের সিলেটের ফটোসাংবাদিক ও দেশ টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট সোহেল আহমেদ, ফটোসাংবাদিক ফাহিম চৌধুরী, আব্দুল গফরে রাজুসহ পোর্টালের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন রজত কান্তি চক্রবর্তী। এ সময় তিনি সহকর্মীদের ভালোবাসা, শুভেচ্ছা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিকতার ব্যস্ততার মাঝেও সহকর্মীদের এমন আন্তরিক আয়োজনে তৈরি হয় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির আবহ। শুভেচ্ছা আর ভালোবাসায় এভাবেই শেষ হয় আজকের সিলেটের সম্পাদক ও প্রকাশক রজত কান্তি চক্রবর্তীর জন্মদিন উদযাপনের আয়োজন।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.