ছবি: প্রতীকি
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে নতুন ১২৫ জন। মারা যাওয়া শিশু দুটির বয়স যথাক্রমে ৩ ও ১০ মাস। তাদের বাড়ি সুনামগঞ্জে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শিশু দুটির মৃত্যুকে সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ ও হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জের হিসাবের মধ্যে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৬৮ জন। তাঁদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২, পার্কভিউ হাসপাতালে ২০, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ এবং নর্থ ইস্ট হাসপাতালে পাঁচজন রয়েছেন। এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রোগী ভর্তি আছেন।
স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, সিলেট বিভাগে এ পর্যন্ত সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ১০। সব মিলিয়ে হাম ও সন্দেহজনক হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০২।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে সন্দেহজনক হামজনিত মৃত্যু ৭৯ জনের এবং নিশ্চিত মৃত্যু চারজনের। হবিগঞ্জে এ সংখ্যা যথাক্রমে ২৮ ও চার, মৌলভীবাজারে ১৫ ও একজন এবং সুনামগঞ্জে ৭০ ও একজন।
আইটি ল্যাব সলিউশন্স লি.