প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ০২:০০ (বৃহস্পতিবার)
ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা, আহত ২

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।

 

আহত সাংবাদিকরা হলেন দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল এবং সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার। আহত রেজা রুবেল বর্তমানে হাসপাতালের পঞ্চম তলার অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন।

 

সাংবাদিক রেজা রুবেলের অভিযোগ, হাসপাতালের পঞ্চম তলায় ইন্টার্ন চিকিৎসক ও রোগীর স্বজনদের মধ্যে মারামারির ঘটনা ভিডিও ধারণ করতে গেলে চিকিৎসকরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালান। এতে তাঁদের মাথায় আঘাত লাগে।

 

এদিকে, ঘটনার বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের সৃষ্টি হয়। এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়েছিল। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর আরও কয়েকজন ইন্টার্ন চিকিৎসক সেখানে এসে আবারও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করেন। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আবু জাফর মো. খালেদ হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


 

সি/মা/ডেস্ক/এসসিজে