প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ১৯:৫৬ (বৃহস্পতিবার)
মাদক ও চোরাচালানে লাগাম টানতে তৎপর কোম্পানীগঞ্জ প্রশাসন 

ছবি: সিলেট মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জে মাদক কারবার, সীমান্ত চোরাচালান, ধলাই সেতুর সুরক্ষা এবং মহাসড়কে অবৈধ ট্রাক পার্কিং বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত তৎপরতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত মাদক কারবার ও চোরাচালানে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাশাপাশি পুলিশের সম্পৃক্ততা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগের বিষয়টি উপজেলা বিএনপির পক্ষ থেকে উত্থাপন করা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে মাদক কারবারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের অবৈধ সম্পদের উৎস অনুসন্ধান এবং মানি লন্ডারিং আইনে মামলার আওতায় আনার উদ্যোগের কথা জানানো হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় মাদকবিরোধী অভিযান জোরদার, ধলাই সেতুর সুরক্ষা, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ, বিদ্যুতের লোডশেডিং পরিস্থিতি এবং বন্ধ থাকা ক্রাশার মিলগুলোতে দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের বিষয়েও আলোচনা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান আরও জোরদার করবে। পাশাপাশি মহাসড়কে যত্রতত্র ট্রাক পার্কিংয়ের কারণে সৃষ্ট যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক রফিকুল ইসলাম (ঠান্ডা স্যার), কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সমীরন চন্দ্র দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ও তেলিখাল ইউনিয়নের প্রশাসক মো. আব্দুস শাকুর, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. আশিকুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সিনিয়র সহসভাপতি শওকত আলী বাবুল, সাধারণ সম্পাদক আলী আকবর এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মঈন উদ্দিন মিলন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমান, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ নাঈম হাসান, কালাসাদক বিওপির নায়েক সুবেদার আলী আসগর, ফায়ার সার্ভিসের প্রতিনিধি নব কুমার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না; এ ক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।

মাদক, সীমান্ত চোরাচালান ও মহাসড়কে অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত নজরদারি এবং আইনানুগ ব্যবস্থা অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্ব দেন।


সি/মা/ডেস্ক/এসসিজে