প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬ ২৩:৩২ (শনিবার)
সিলেটে আন্দোলনে নামছেন সাংবাদিকরা

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের হামলার প্রতিবাদে মাঠে নামছেন সিলেটের সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আগামী শনিবার (৩১ অক্টোবর) সমাবেশের ঘোষণা দিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) কার্যালয়ে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সিলেটের সর্বস্তরের সাংবাদিকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক নেতারা।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সমাবেশ শেষে হামলার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে সমাবেশ থেকে পরবর্তী আন্দোলন কর্মসূচিও ঘোষণা করা হবে।

সভায় সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা আরও বাড়বে।

যৌথ সভায় উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মঈন উদ্দিন, ইমজার সভাপতি মাহবুবুর রহমান রিপন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন ও সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিলেটভিউটোয়েন্টিফোর.কমের সম্পাদক শাহ দিদার আলম নবেল।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে