প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৬ ১৯:১৩ (রবিবার)
কুলাউড়ায় ঘুমের মধ্যেই সাপের কামড়ে প্রাণ গেল মাদ্রাসাছাত্রীর

ছবি: প্রতীকি

মৌলভীবাজারের কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে সুনিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ের শিকার হয় সে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামে।

 

নিহত সুনিয়া ওই গ্রামের কুদ্দুছ মিয়ার দ্বিতীয় মেয়ে। সে চৌধুরী বাজার জি.এস. কুতুবশাহ আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ কক্ষে ঘুমিয়ে ছিল সুনিয়া। এ সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

 

রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সাপে কামড়ে মারা যাওয়া শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।

 

মাত্র ১৫ বছর বয়সে সুনিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষকসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।




 

সি/মা/ডেস্ক/এসসিজে