প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬ ২১:৩৪ (রবিবার)
সিলেট-সুতারকান্দি সড়কের শীঘ্রই কাজ  শুরু হবে- এমরান আহমদ  চৌধুরী এমপি

ছবি: সিলেট মানচিত্র

সিলেট (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, সিলেট-শেওলা ৬ লেন ও ৪লেন সড়কের প্রকল্পটি সিলেট বিভাগের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্প। খুব শীঘ্রই  প্রকল্পের কাজও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জসহ আশপাশের বিস্তীর্ণ অঞ্চলের লাখ লাখ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন হবে। যোগাযোগব্যবস্থায় আসবে নতুন গতি। সৃষ্টি হবে উন্নয়নের নতুন সম্ভাবনা। এই উন্নয়নমূলক কাজগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আপনাদের সকলের দোয়া, আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। 

তিনি  বলেন, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার এবং  জকিগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এর ফলে প্রতিদিন সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অল্প কিছুদিনের মধ্যেই সড়কের গর্তগুলো সংস্কার ও মেরামতের কাজ শুরু হবে। আশা করছি, এর মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

তিনি শনিবার গোলাপগঞ্জের পৌর এলাকার দাড়িপাতন চত্ত্ররের পাশে অবস্থিত নেক্সট জেন নামক  দোকান উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।  

অনুষ্ঠানের প্রথমে ফিতা কেটে দোকানের উদ্বোধন করেন প্রধান অতিথি এমরান আহমদ চৌধুরী এমপি। এরপর  দোয়া পরিচালনা করেন গোলাপগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিম মাওলানা জামিল আহমদ। এসময় উপস্থিত ছিলেন  জেলা বিএনপির উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম, মাওলানা আশিক  উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব খছরু মিয়া, ব্যবসায়ী শিপার আহমদ, দোকানের পরিচালক তেফায়েল হানিফ, বিলাল আহমদ, ফরিদ আহমদ ও  দাড়িপাতন প্রধান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি ইবাদুর রহমান মাসুম। অনুষ্ঠান শেষে অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।