প্রকাশিত: ০১ নভেম্বর, ২০২৬ ১৫:৩৫ (মঙ্গলবার)
জৈন্তাপুর ও কানাইঘাটে পৌনে ১১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৭১ হাজার টাকা মূল্যের চোরাচালানের ভারতীয় গরু, জিরা, বিড়ি ও একটি অটোরিকশা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১ নভেম্বর) ভোরে ও সকালে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) গুয়াবাড়ি ও সুরাইঘাট বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।**

বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির অধীনস্থ গুয়াবাড়ি বিওপির একটি বিশেষ আভিযানিক দল জৈন্তাপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে গুয়াবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে গেলেও মালিকবিহীন অবস্থায় ১৩টি ভারতীয় গরু জব্দ করা হয়, যার সিজারমূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা।

এর আগে, একই দিন সকাল আনুমানিক আটটার দিকে সুরাইঘাট বিওপির অপর একটি টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে প্রায় ৭০০ গজ ভেতরে সোনাতনপুঞ্জি এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি ভারতীয় জিরা, ৩ হাজার ৩২০ প্যাকেট পাতা বিড়ি এবং চোরাচালানে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের সিজারমূল্য ৪ লাখ ২১ হাজার টাকা।

উভয় অভিযানে জব্দ করা ভারতীয় গরু, জিরা, বিড়ি ও অটোরিকশার মোট সিজারমূল্য ১০ লাখ ৭১ হাজার টাকা।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে তাদের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।