সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মরহুম দিলদার হোসেন সেলিমের নামে প্রতিষ্ঠিত ‘দিলদার হোসেন সেলিম টেকনিক্যাল কলেজ’ দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে। প্রতিষ্ঠানটি দ্রুত চালু করে স্থানীয় শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার সুযোগ উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকার রাজনৈতিক, সামাজিক ও সচেতন মহল।
গোয়াইনঘাট উপজেলার সদর ইউনিয়নের তিতারাই গ্রামে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি চালু না হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দীর্ঘদিনের হতাশা বিরাজ করছে। স্থানীয়দের মতে, বর্তমান যুগে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা অর্জনে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কিন্তু বিশাল এই উপজেলায় ফতেহপুর ইউনিয়নে অবস্থিত এম. সাইফুর রহমান টেকনিক্যাল কলেজ ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান না থাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী প্রয়োজনীয় কারিগরি ও কর্মমুখী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
তিতারাই গ্রামে অবস্থিত এই কলেজটি চালু করা হলে উপজেলা সদরসহ বৃহত্তর জাফলংয়ের চারটি ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মরহুম দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী অ্যাডভোকেট জেবুন্নাহার সেলিম বলেন, “দিলদার হোসেন সেলিম সবসময় এলাকার মানুষের উন্নয়ন ও শিক্ষার স্বপ্ন দেখতেন। তাঁর নামে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অত্যন্ত দুঃখজনক। আমি চাই কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু করুক, যাতে এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠতে পারে।”
মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান এবং গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. ছয়ফুল আলম জানান, এলাকার শিক্ষার্থীরা যোগাযোগ ও আর্থিক সংকটের কারণে দূরে গিয়ে কারিগরি শিক্ষা নিতে পারে না। নিজ এলাকাতেই যেন তারা পেশাভিত্তিক প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণের সুযোগ পায়, সে জন্য কলেজটি চালু করা জরুরি। গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুমিনুল হকসহ সচেতন মহলও প্রতিষ্ঠানটি দ্রুত চালুর জোরালো দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন, অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক জটিলতার অবসান ঘটিয়ে দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করা এবং স্থানীয় চাহিদানুযায়ী বিভিন্ন কারিগরি বিষয় ও প্রশিক্ষণ চালু করা। দলমত নির্বিশেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও এলাকাবাসী সম্মিলিতভাবে এগিয়ে এসে মরহুম নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কলেজটি চালুর কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন—এমনটাই প্রত্যাশা সবার।
আইটি ল্যাব সলিউশন্স লি.