ছবি: সংগৃহীত
তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ ও সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। কারখানার উৎপাদন স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। একই সঙ্গে শিল্পকারখানায় উৎপাদন কার্যক্রম সচল রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট নিরসনের উপায় নির্ধারণে সন্ধ্যায় সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান অবস্থা, এর নেপথ্যের কারণ এবং সমস্যা সমাধানে সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ লক্ষ্যে মজুরি বোর্ড গঠন করে রোববার গেজেট প্রকাশ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা।
গেজেট অনুযায়ী, বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডাব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলে উদ্দিন আহমদ।
এ ছাড়া মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকদের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাকশ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণের উদ্যোগ এবং শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের তৎপরতা-দুই বিষয়ই এখন তৈরি পোশাক খাতের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
আইটি ল্যাব সলিউশন্স লি.