প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৬ ১৯:১১ (মঙ্গলবার)
শ্যামাপূজা ও দীপাবলিতে পটকা ফোটানো বন্ধের আহ্বান পূজা উদযাপন পরিষদের

ছবি: প্রতীকি

আসন্ন শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে কেন্দ্র করে পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা। ধর্মীয় অনুষ্ঠানের পবিত্রতা, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

সোমবার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ, মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব। অথচ এসব উৎসবকে ঘিরে পটকা ফোটানোর মতো কর্মকাণ্ডের কারণে উৎসবের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে পূজায় আগত ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হচ্ছে।

তারা আরও বলেন, পটকাবাজি কোনো ধর্মীয় আচারের অংশ নয়। বরং পটকার বিকট শব্দ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। পাশাপাশি এ ধরনের কর্মকাণ্ড থেকে দুর্ঘটনা, জনদুর্ভোগ ও সামাজিক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা রয়েছে। অতীতেও পটকার কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে।

বিবৃতিতে জানানো হয়, পটকার অবৈধ পাচার ও ব্যবসা বন্ধে ইতোমধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় আসন্ন শ্যামাপূজা ও দীপাবলি উৎসবকে নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখতে পটকার অবৈধ সরবরাহ, বিক্রি ও ফোটানো বন্ধে সিলেটের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন পূজা উদযাপন পরিষদের জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে