ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামি আবুল আহমদকে (৩২) ঢাকা থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৭টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন কলেজ অব নার্সিংয়ের সামনে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।
সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি বিয়ানীবাজারের দেউলগ্রাম উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে শিশুটিকে বাড়িতে রেখে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান তার মা-বাবা। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আবুল আহমদ ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে বাড়িতে ফিরে শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার মা-বাবা। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়।
এসআরবি-৯ জানায়, ঘটনার পর থেকে পলাতক থাকা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি আবুল আহমদকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.