ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রমিক অসন্তোষ ও কর্মস্থলে অস্থিতিশীল পরিস্থিতির অভিযোগে ফিনলে টি কোম্পানির খেজুরীছড়া চা বাগান ও চা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এতে বাগানের হাজারো শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার (এস্টেটস) স্বাক্ষরিত এক নোটিশে বাগান ও কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফিনলে টি কোম্পানির ভাড়াউড়া ডিভিশনের মহাব্যবস্থাপক গোলাম শিবলী।
কোম্পানির নোটিশ অনুযায়ী, গত ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কোনো পূর্বঘোষণা ছাড়াই খেজুরীছড়া চা বাগানের শ্রমিকেরা ধর্মঘট পালন করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কাজে যোগ না দিয়ে ডিনস্টন চা কারখানা, পলিপ্যাক কারখানা ও সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোরে কর্মরত শ্রমিকদের হুমকি দিয়ে কর্মস্থল ত্যাগে বাধ্য করার অভিযোগ ওঠে। এতে পুরো এলাকায় অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে স্বাভাবিক কার্যক্রম চালানো সম্ভব নয় উল্লেখ করে বাগান ও কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
নোটিশে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত)-এর ১৩(১) ধারা অনুযায়ী ১৩ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্ধ কার্যকর থাকবে। এ সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা কোনো মজুরি পাবেন না। তবে জরুরি সেবা ও বাগানের সম্পত্তি রক্ষায় নিয়োজিত স্থায়ী শ্রমিকেরা এ সিদ্ধান্তের আওতামুক্ত থাকবেন। তাঁদের মধ্যে পলিপ্যাক কারখানা, সেন্ট্রাল ওয়ার্কশপ স্টোর, চৌকিদার, বাংলো, স্টাফ কোয়ার্টার ও মেডিকেল বিভাগের কর্মীরা রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া একটি মন্দির নির্মাণকে কেন্দ্র করে শ্রমিক ও বাগান ব্যবস্থাপনার মধ্যে বিরোধের সূত্রপাত হয়। শ্রমিকেরা মন্দির নির্মাণের কাজ শুরু করলে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হুমায়ুন কবির তাতে বাধা দেন। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ডিজিএমের প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি শুরু করেন তাঁরা।
পরে পরিস্থিতি স্বাভাবিক করতে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের মধ্যে যৌথ বৈঠক হয়। সেখানে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা গেছে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় শ্রমিকদের ক্ষোভ আরও বাড়ে। পরবর্তী সময়ে তাঁরা আবারও আন্দোলনে নামেন।
এদিকে বাগান ও কারখানা বন্ধ ঘোষণার ফলে চা শ্রমিকদের দৈনন্দিন আয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সময় এ অচলাবস্থা চলতে থাকলে শ্রমিক পরিবারগুলোকে বড় ধরনের আর্থিক সংকটে পড়তে হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল ও শ্রমিক নেতারা বলছেন, বিরোধের দ্রুত সমাধান না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে শ্রমিকদের জীবন-জীবিকা ও চা উৎপাদনে। তাই উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সংকট নিরসন করে দ্রুত বাগান ও কারখানার কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তাঁরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.