সিলেট

‘সেফ সুনামগঞ্জ’ গড়তে চান নুরুল ইসলাম

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২৬ ২০:২৫

সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, 'আমি ক্ষমতার এমপি নই, আমি জনতার এমপি হতে চাই। এলাকার দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ‘সেফ সুনামগঞ্জ, সেভ সুনামগঞ্জ’ গড়তে চাই।'

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

নির্বাচনী ইশতেহারে নুরুল ইসলাম নুরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে জাতীয় উন্নয়ন সমতায় পিছিয়ে রয়েছে সুনামগঞ্জ, উন্নয়ন বৈষম্যের শিকার হচ্ছে। আমি নির্বাচিত হলে অবহেলিত এই এলাকাকে একটি নিরাপদ ও মর্যাদাশীল এলাকা হিসেবে প্রতিষ্ঠা করে কর্মসংস্থানমুখী জনপদে রূপান্তর করব।’ 

তিনি দুটি উপজেলার উন্নয়নে ১১ দফা ইশতেহার ঘোষণা করেন। এর মধ্যে মানুষের নিরাপত্তায় মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত জনপদ গঠন করে নারী-শিশু প্রবীণসহ সর্বস্তরের সর্বমতের মানুষের নিরাপদ ও সুরক্ষিত এলাকা গঠন, হাওরের কৃষি, কৃষক, পরিবেশ সুরক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ, হাওরে বজ্রনিরোধক দণ্ড নির্মাণ, ফসল রক্ষা বাঁধে দুর্নীতি বন্ধ, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, কৃষকের জন্য বিনামূল্যে সার ও বীজের ব্যবস্থাগ্রহণের আশ্বাস দেন।

এ ছাড়া কৃষক ও জীবিকার প্রশ্নে ফসলহানীতে ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষতিপূরণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, হাওরে মাছ ও হাস পালনে সহায়তা, কৃষকের জন্য দালাল ও ফড়িয়ামুক্ত বাজার ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেন নুরুল।

এ ছাড়াও উত্তর সুরমায় সেতু, পৈন্দা নদীতে সেতু, ফতেপুরের সঙ্গে বিশ্বম্ভরপুরের সরাসরি সংযোগ, বর্ষায় নিরাপদ নৌ যোগাযোগ, দুর্যোগে দ্রুত উদ্ধার এবং সহায়তার কথা বলেন তিনি।

তরুণ প্রজন্মকে কর্মমূখী প্রশিক্ষণের আওতায় আনা, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান গঠন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে পৃষ্টপোষকতা, উপজেলা ও ইউনিয়নকে জেলা ক্রীড়া উন্নয়নে সমন্বয় করা হবে বলে ইশতেহারে জানান এই এমপি প্রার্থী।

তিনি বলেন, ‘স্থানীয় সম্পদের সদ্ব্যবহার হাওর ভিত্তিক শিল্প উন্নয়ন, যুবকদের জন্য কারিগরি ও ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা, উদ্যোক্তাদের জন্য ঋণ সহযোগিতা, প্রবাসীদের অধিকার ও পুনর্বাসনে সহায়তা করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষার উন্নয়ন, সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর; মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়ন; সদর ও বিশ্বম্ভরপুর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা যুগোপযোগীকরণ, প্রত্যন্ত এলাকায় মোবাইল ও নৌ অ্যাম্বুল্যান্স ব্যবস্থা গ্রহণ করা হবে।

দুর্নীতি ও সেবা বিষয়ে হয়রানি বন্ধ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, দলীয় প্রভাবমুক্ত প্রশাসন নিশ্চিত করা, জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার ব্যবস্থাগ্রহণের অঙ্গীকার করেন তিনি। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নসহ, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে স্বচ্ছতা আনয়নসহ সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার ঘোষণা দেন।

পরিবেশ রক্ষা করে ব্যবসা বান্ধব পর্যটনের উদ্যোগ গ্রহণ, প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার, ইকোট্যুরিজমের ব্যবস্থাপনা গ্রহণসহ বালু মহালে পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন। এ ছাড়াও তরুণ, নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নেও কাজ করার অঙ্গীকার করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা আতম সালেহ, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনূর আলী, পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, কাজী নাসিম উদ্দিন লালা, শোয়েব আহমদ, সোহেল আহমদ, ফারুক আহমদ লিলু, মোনাজ্জির হোসেন সুজন প্রমুখ।

সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৪ আসন। এই আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ নানা দায়িত্ব পালন করেছেন। রাজপথের একজন কর্মীবান্ধব নেতা হিসেবে তিনি পরিচিত।

সিলেট থেকে আরো পড়ুন