প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর এর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সাম্প্রতিক সময়ে মানুষের জীবনের নিরাপত্তা গুরুতরভাবে বিঘ্নিত হচ্ছে এবং পরিস্থিতি মোকাবিলায় সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার সিলেট নগরের কুদরত উল্লাহ মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সরকারি দল, বিরোধী দল এবং নির্দলীয় সব পক্ষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখা সবার যৌথ দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, দেশের অবস্থা খারাপ হলে জনগণের পাশাপাশি রাষ্ট্রের সব প্রতিষ্ঠানই ক্ষতিগ্রস্ত হবে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, সাম্প্রতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে মানুষের নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার প্রবণতা বন্ধ করতে হবে। তাঁর মতে, রাজনৈতিকভাবে অপরাধীদের আশ্রয় দেওয়া হলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, দায়িত্বশীল কিছু সরকারি ব্যক্তির অসতর্ক বক্তব্য সামাজিক অস্থিরতা বাড়াতে পারে এবং তা অপরাধকে উৎসাহিত করার ঝুঁকি তৈরি করে। এ ধরনের আচরণ পরিহার করে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য যা কল্যাণকর ও মঙ্গলজনক, সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
সরকারের ইতিবাচক উদ্যোগে সমর্থন দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ বা পরিবেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্তের বিরোধিতা করবে তাঁর দল।
তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব পক্ষের সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে দেশের সামগ্রিক পরিস্থিতির উন্নতি সম্ভব হবে।
রাজনীতি থেকে আরো পড়ুন