সারাদেশ

বাংলাদেশ এসে চীনা যুবকের বাল্যবিয়ে!

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ ২৩:১৩

প্রেমের টানে সুদূর চীন থেকে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় এসে মায়া আক্তার (১৭) নামে এক কিশোরীকে বিয়ে করেছেন চীনা যুবক জংজিয়াং মামুসা (৩০)। গত ২১ ফেব্রুয়ারি রাতে মুসলিম রীতি অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

এর আগে ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি ঘাটাইল উপজেলার পাঁচটিকরি গ্রামে আসেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

দূর-দূরান্ত থেকে মানুষ মায়ার বাড়িতে ভিড় করছেন। পাসপোর্ট, ভিসা ও প্রয়োজনীয় কার্যক্রম শেষে স্ত্রীকে চীনে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মামুসা ও মেয়ের বাবা।

জানা যায়, ঘাটাইল উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের আব্দুল মালেকের মেয়ে মায়ার সঙ্গে এক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ‘উইচ্যাট’ এর মাধ্যমে পরিচয় হয় চীনের গানসু প্রদেশের সানজিয়া টাউনশিপ গ্রামের জংজিয়াং মামুসার। পরিচয়ের পর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং তা পরে প্রেমে রূপ নেয়।

এর মধ্যে মায়ার বিয়ের কথাবার্তা চলছিল। বিষয়টি জানানো হলে মামুসা বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন। পরে গত ১৮ ফেব্রুয়ারি পাঁচটিকরি গ্রামে তিনি এলে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়। বিদেশি নাগরিককে দেখতে আশপাশের মানুষ মালেকের বাড়িতে ভিড় করেন।

পরে ২১ ফেব্রুয়ারি রাতে কাজী ডেকে মুসলিম রীতিতে মায়ার সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।
Marriage
এদিকে বিয়ের পর থেকে মামুসা তার স্ত্রী মায়াকে নিয়ে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে গ্রামের মেঠোপথ ও রাস্তাঘাট দিয়ে। খাচ্ছেন মাছ, মাংস, সবজিসহ সবধরনের দেশীয় খাবার। পাসপোর্ট ও ভিসা প্রক্রিয়া শেষ হলে স্ত্রীকে চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। মায়াও স্বামীর সঙ্গে চীনে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

মায়ার বাবা আব্দুল মালেক জানান, প্রথমে বিষয়টি তিনি মেনে না নিলেও পরে নিয়তির কাছে ছেড়ে দিয়ে সব কিছু মেনে নিয়েছেন। মেয়েকে চীন পাঠাতেও তিনি রাজি।

লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শহীদুল হক মিলন বলেন, বিদেশি নাগরিক বিয়ে করতে আসায় এলাকায় সাড়া পড়েছে। তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই বিয়ে সম্পন্ন হয়েছে।

এদিকে মাত্র ১৭ বছর বয়সে ওই কিশোরীর বিয়ে হওয়ায় সমালোচনা করছেন অনেকে।

সারাদেশ থেকে আরো পড়ুন