সিলেট

লালদিঘীরপাড়ে দোকানে পড়েছিল সবজি ব্যবসায়ীর গলিত লাশ 

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ ১৯:৫০

সিলেট লালদিঘীরপাড় এলাকায় কয়েকজন ব্যবসায়ী গত দুইদিন ধরে চরম আকারে দুর্গন্ধ পাচ্ছিলেন। এই গন্ধ আজ অসহনীয় পর্যায়ে চলে গেলে নিজেরাই গন্ধের উৎস খুঁজতে বের হন। গন্ধের উৎস খুঁজতে গিয়ে দেখেন পড়ে আছে সবজি ব্যবসায়ী নুরুলের লাশ। 

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর লাশ দেখে পুলিশকে খবর দেন লালদিঘীরপাড়ের ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬)। বিকালে উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠানো হয়।

স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দু’দিন ধরে কিছু একটা পচা গন্ধে নিজেদের দোকানে টিকতে পারছিলেন না। বুধবার (১৫ এপিল) দুপুরের দিকে বিষয়টা সহ্যের বাইরে চলে গেলে তারা গন্ধের উৎস খুঁজতে বের হন। এক পর্যায়ে পাশের দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। ওই দোকানে কোনো তালা ছিল না।

স্থানীয় অন্য ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, নুরুল ইসলাম (৫০) দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সিলেটে সবজি ব্যবসা করতেন।

লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম জানান, নূরুল কলেজ পড়ুয়া দুই মেয়ের বাবা। তিনি এই মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন। বিভিন্ন বাজার থেকে কাচাঁমাল কিনে সংগ্রহ করে রাখতেন ওই দোকানে। তারপর বন্দরবাজারের রাস্তায় বিক্রি করতেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, লালদিঘীরপাড় এলাকা থেকে একজনের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে যে জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়েছে সেই জায়গায় তিনি থাকতেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
 

সিলেট থেকে আরো পড়ুন