প্রতিকী ছবি
ভারতের আসাম রাজ্যে শনিবার দুপুরে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির ধুবরি জেলার বিলাসিপাড়া এলাকার প্রায় ১৩ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্পের উৎপত্তি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি এলাকাতেও অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা ভলকানো ডিসকভারির তথ্যমতে, স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পটি অগভীর গভীরতায় সংঘটিত হওয়ায় আশপাশের এলাকায় কম্পন তুলনামূলক বেশি অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে কিছু এলাকায় ঘরের আসবাবপত্র কেঁপে ওঠা, তাক থেকে ছোটখাটো জিনিস পড়ে যাওয়া এবং জানালার কাঁচে কম্পন অনুভূত হওয়ার মতো ঘটনা ঘটেছে বলে জানা গেছে
সি/মা/ডেস্ক/এসসিজে
সারাদেশ থেকে আরো পড়ুন