সিলেট

দুই পুকুরে বিষ, স্বপ্ন ভেঙে নিঃস্ব মৎস্য চাষি

প্রকাশ: ১১ মে ২০২৬ ১৭:০৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাতের আঁধারে এক মৎস্যচাষির দুটি পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

রোববার (১০ মে) দিবাগত রাতে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মঈনুল ইসলাম জানান, তিনি ঋণ করে কয়েক মাস আগে পুকুরে মাছ চাষ শুরু করেন। কিন্তু দুর্বৃত্তরা রাতে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করায় সব মাছ মারা যায়। এতে তার আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, এই ক্ষতির ফলে তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন এবং ঘুরে দাঁড়ানোর কোনো উপায় দেখছেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

স্থানীয় জনপ্রতিনিধি সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ এমদাদ আহমেদ বলেন, এ ঘটনায় চাষি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দ্রুত তদন্ত করা প্রয়োজন।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত ভুক্তভোগীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন