সিলেট

সাদাপাথরে নদীর স্রোতে চিকিৎসক নিখোঁজ; চলছে উদ্ধার অভিযান

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ ১৯:১৯

ছবি: সিলেটের মানচিত্র

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদাপাথরে গোসল করতে নেমে এক চিকিৎসক নিখোঁজ হয়েছেন। 

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে।

নিখোঁজ চিকিৎসকের নাম ডা. সুব্রত সাহা বিকাশ (৩৩)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বাসিন্দা এবং মিহির লাল সাহার ছেলে। জানা গেছে, ঢাকা থেকে চার বন্ধু মিলে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ভ্রমণে এসেছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাদাপাথর পর্যটন কেন্দ্রের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় চার বন্ধুর মধ্যে তিনজন গোসল করতে নদীতে নামেন। একপর্যায়ে সাঁতার কাটতে গিয়ে তারা প্রবল স্রোতের কবলে পড়েন। এ সময় দুজন তীরে উঠতে সক্ষম হলেও ডা. সুব্রত সাহা বিকাশ পানির নিচে তলিয়ে যান।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রয়েছে।

ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম বলেন, “সাদাপাথরে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন