সিলেট

চলতো বাস, এখন সাইকেলও চলে না

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ ১৬:১৭

একটা সময় যে সড়ক ছিল জেলার সদর, কানাইঘাট ও গোলাপগঞ্জ উপজেলার একাংশ জনগণের সিলেটে যোগাযোগের সহজ মাধ্যম। সহজেই যাতায়াত করতো বাস, ট্রাকসহ সব ধরনের যানবাহন। এখন এ সড়কের নাম শুনলেই যানবাহনের চালকরা অনীহা প্রকাশ করেন।

কারন একটাই- এ সড়কে অসংখ্য খানাখন্দে ভরপুর। অল্প বৃষ্টিতেই সড়কের বেশির ভাগ অংশ ডুবে যায় হাটু পানিতে। যে সড়কে অনায়াসে চলতো বাস, ট্রাক- এখন সাইকেলে যেতেও অনেকে অনীহা প্রকাশ করেন। রাস্তাটি হলো সিলেট-কানাইঘাটর বা সিলেট-গোলাপগঞ্জের বাঘা যাতায়াতের গাজী বুরহান উদ্দিন সড়ক। 


সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম ‘গাজী বুরহান উদ্দিন সড়ক’। 


অত্যন্ত দুঃখের বিষয়, দীর্ঘ দিন ধরে সড়কটি চরম বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পুরো সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত ও ভাঙাচোরা অংশ। ফলে রাস্তাটি এখন জনসাধারণের চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রতিদিন হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। 


এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক যাতায়াত করেন। বিশেষ করে, জরুরি চিকিৎসার জন্য অসুস্থ রোগীদের এই ভাঙাচোরা রাস্তা দিয়ে যাতায়াত করা যেন এক চরম শাস্তি। সড়কের এই নাজুক অবস্থার কারণে একদিকে যেমন যাতায়াতের সময় ও খরচ দিন দিন বাড়ছে, অন্যদিকে তেমনি প্রতিনিয়ত বাড়ছে ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি। দেশের সার্বিক উন্নয়নের এই অগ্রযাত্রার সময়ে গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়কের এমন করুণ ও অবহেলিত অবস্থা এলাকার জনসাধারণে মাঝে হতাশা দেখা দিয়েছে। 


বৃহত্তর এলাকাবাসীর দাবি নিত্যদিনের কষ্ট ও দুর্ভোগ বিবেচনা করে অবিলম্বে গাজী বুরহান উদ্দিন সড়কের সংস্কার কাজ শুরু করার। জনগণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা এখন এলাকাবাসীর সময়ের দাবি। 

সিলেট থেকে আরো পড়ুন