সারাবিশ্ব

'সময় এসেছে সরকার সরানোর'—মোদির বিরুদ্ধে রাহুল গান্ধীর কড়া বার্তা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ২৩:০৪

ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের শিক্ষাব্যবস্থার পরিবর্তনের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা দিয়ে তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠায় এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর তথ্য অনুযায়ী, শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা খাতের সংস্কারের জন্য একটি বড় অর্জন। তিনি এ সাফল্যের কৃতিত্ব আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের দিয়ে তাদের অভিনন্দন জানান।

 

তবে তিনি দাবি করেন, আন্দোলনকারীদের দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো বাস্তবায়িত হয়নি। রাহুলের ভাষ্য, শিক্ষার্থীদের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

 

পোস্টে তিনি আরও বলেন, শুধু শিক্ষার্থীরাই নন, বরং কৃষক, শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীও বর্তমান সরকারের দমন-পীড়নের শিকার। তাই সাংবিধানিক উপায়ে নিজেদের অধিকার ও মর্যাদা রক্ষায় সবাইকে সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

 

পোস্টের শেষাংশে রাহুল গান্ধী লেখেন, "এই সরকারকে সরানোর সময় এসেছে। ভয় পাবেন না।"

সারাবিশ্ব থেকে আরো পড়ুন