সিলেট

মৌলভীবাজারে কিশোর গ্যাংয়ের গডফাদার সায়েক গ্রেপ্তার

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ ১৬:৫৫

মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিশোর গ্যাংয়ের কথিত গডফাদার সায়েক মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর মডেল থানার এসআই (নি.) তপন চন্দ্র দাসের নেতৃত্বে একদল পুলিশ সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের মল্লিকসরাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সায়েক মিয়া মৌলভীবাজার জেলার দিশালোক এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। পুলিশ জানায়, তিনি মৌলভীবাজার শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলার তথ্যও রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মৌলভীবাজার জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন