গেল ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর প্রথমবার আন্তর্জাতিক গণমাধ্যম যুক্তরাষ্ট্রের প্রভাবশালী টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও রুচির নানা দিক তুলে ধরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৮ জানুয়ারি) প্রকাশিত এ সাক্ষাৎকারে তাকে শান্তস্বভাব ও অন্তর্মুখী মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। সাক্ষাৎকারে নিজের পছন্দের সিনেমার কথাও উল্লেখ করেন তারেক রহমান। তিনি জানান, তার প্রিয় সিনেমা হলিউডের জনপ্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’।
তিনি বলেন, ‘আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি!’
টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে “বাংলাদেশ’স প্রডিগাল সন” বা ‘প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী’ হিসেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, কণ্ঠস্বর ভাঙা ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও রাজনীতিতে সক্রিয় ভূমিকায় ফেরার সংকল্প স্পষ্ট তারেক রহমানের। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই তার মা ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু তাকে ব্যক্তিগতভাবে ভীষণ নাড়া দিলেও রাজনৈতিক দায়িত্ব পালনের ব্যাপারে তিনি অনড়।
একান্ত সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, ‘যখন দায়িত্ব আসে, তখন তা পালন করতে হয়।’
তিনি জানান, দেশের মানুষ তাকে যে আস্থা দিয়েছে, সেটাই তার রাজনীতিতে থাকার প্রধান কারণ। তিনি স্পষ্ট করে বলেন, তিনি শুধু পারিবারিক পরিচয়ের কারণে রাজনীতিতে নেই, বরং দলের সমর্থকরাই তাকে সামনে এনেছে।
অন্যদিকে, তারেক রহমানের প্রিয় সিনেমা ‘এয়ার ফোর্স ওয়ান’ মুক্তি পায় ১৯৯৭ সালে। উলফগ্যাং পিটারসেন পরিচালিত এ হলিউড থ্রিলার সিনেমায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চরিত্রে অভিনয় করেছেন হ্যারিসন ফোর্ড। সন্ত্রাসী নেতার ভূমিকায় অভিনয় করেন গ্যারি ওল্ডম্যান। এছাড়া ভাইস প্রেসিডেন্টের চরিত্রে ছিলেন গ্লেন ক্লোজ।
সিনেমার কাহিনিতে দেখা যায়, সন্ত্রাসীদের হাতে হাইজ্যাক হওয়া প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকেই পরিবার ও দেশ রক্ষায় একক লড়াইয়ে নামেন তিনি। মুক্তির পর বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায় সিনেমাটি এবং এটি বক্স অফিসেও বড় সাফল্য অর্জন করে।
বিনোদন থেকে আরো পড়ুন