দক্ষিণ ফ্রান্সের কান সৈকতে আগামী ১২ মে পর্দা উঠছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর ‘কান’-এর ৭৯তম আসরের। ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির নতুন ছবি ‘লা ভেনাস ইলেকট্রিক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ারের মাধ্যমেই শুরু হবে এই রুপালি মহোৎসব। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অভিনেত্রী আই হাইদারা। গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের প্রেক্ষাগৃহে প্রদর্শনীর পাশাপাশি একই দিনে পুরো ফ্রান্সের প্রেক্ষাগৃহগুলোতেও মুক্তি পাবে এই রোমান্টিক কমেডি।
১৯২৮ সালের প্যারিসকে কেন্দ্র করে নির্মিত এই পিরিয়ড ড্রামায় দেখা যাবে তরুণ চিত্রশিল্পী আঁতোয়ান বালেস্ত্রোকে, যিনি স্ত্রীর মৃত্যুর পর সৃজনশীলতা হারিয়ে ফেলেন। এক রাতে তিনি স্ত্রীর আত্মার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সুজান নামের এক সার্কাসকর্মীর সঙ্গে তার পরিচয় ঘটে। সুজান প্রতারণার আশ্রয়ে ভুয়া আত্মা ডাকার নাটক সাজালেও এর মাধ্যমেই আঁতোয়ানের শিল্পীসত্তা ফিরে আসে। তবে জটিলতা বাড়ে যখন সুজান নিজেই আঁতোয়ানের প্রেমে পড়ে যান।
পিও মারমাই ও আনাইস ডেমাউস্টিয়ার অভিনীত এই ছবিতে মিথ্যা, ছদ্মবেশ ও শিল্প-সংস্কৃতির এক অনন্য মিশেল ফুটিয়ে তুলেছেন নির্মাতা। বিলি ওয়াইল্ডার ও আর্নস্ট লুবিটসের মতো ধ্রুপদী নির্মাতাদের ঘরানায় নির্মিত এই ছবি নিয়ে কান কর্তৃপক্ষ বেশ আশাবাদী। ১২ মে শুরু হয়ে চলচ্চিত্রজগতের এই জমকালো আসরের পর্দা নামবে আগামী ২৩ মে। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে ফ্রান্স টেলিভিশন ও ব্রুট।
বিনোদন থেকে আরো পড়ুন