সিলেট

সাদাপাথর ভ্রমণে সতর্কবার্তা

প্রকাশ: ০৪ জুন ২০২৬ ২৩:৩৭

ছবি : সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার বাধ্যতামূলক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা কালাইরাগ পথ দিয়ে পর্যটকদের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পাশাপাশি কালাইরাগ এলাকায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নাম উল্লেখ করে একটি সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে, যেখানে পর্যটকদের নিরাপদ যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।

সাইনবোর্ডে বলা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাওয়ার জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করতে হবে। কালাইরাগ হয়ে সীমান্তবর্তী পথ দিয়ে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাদাপাথর ঘাটের ইজারাদারদের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪৩৩ বাংলা সনের ইজারার শর্ত অনুযায়ী পর্যটনঘাটটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরাপদভাবে পরিচালনা করা হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনের জ্ঞাতসারে করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা বিকল্প পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। কিন্তু ওই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অবৈধভাবে সীমান্ত এলাকায় চলাচলের কারণে দুর্ঘটনা, প্রাণহানি কিংবা মানবপাচারকারী চক্রের খপ্পরে পড়ার আশঙ্কা রয়েছে।

এসব ঝুঁকি বিবেচনায় নিয়ে কালাইরাগের ওই পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। ইজারাগ্রহীতাদের দাবি, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘাট ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনা করা তাদের দায়িত্বের অংশ।

এদিকে, ঘাট পরিচালনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে পর্যটক ও সাধারণ মানুষের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে বলে দাবি করা হয়।

কর্তৃপক্ষ পর্যটকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, নিরাপদ ভ্রমণের স্বার্থে কোনো সীমান্তঘেঁষা বা বিকল্প ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার না করে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট দিয়েই সাদাপাথরে যাতায়াত করতে।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন