সারাবিশ্ব

অবশেষে পুনরায় সচল হলো ফেসবুক 

প্রকাশ: ১২ জুন ২০২৬ ২২:০৪

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী প্রযুক্তি প্রতিষ্ঠান Meta Platforms-এর বেশ কয়েকটি জনপ্রিয় প্ল্যাটফর্মে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ করে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। এতে Facebook, WhatsApp এবং Instagram-এর বহু ব্যবহারকারী সেবা ব্যবহারে বিঘ্নের মুখে পড়েন।

আজ সন্ধ্যা ৭টার পর হঠাৎ করেই বিশ্বজুড়ে মেটার এই জনপ্রিয় প্ল্যাটফর্মে বিপর্যয় দেখা দেয়। মেটার অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারে মারাত্মক ভোগান্তিতে পড়েন লাখ লাখ ব্যবহারকারী। এমনকি যারা আগে থেকেই লগইন অবস্থায় ছিলেন, তাদের অ্যাকাউন্টও স্বয়ংক্রিয়ভাবে ‘লগআউট’ হয়ে যায়।


বাংলাদেশ সময় সন্ধ্যার পর থেকেই বিভিন্ন দেশ থেকে ব্যবহারকারীরা অ্যাপ চালু করা, লগইন করা এবং স্বাভাবিকভাবে সেবা ব্যবহার করতে না পারার অভিযোগ জানাতে শুরু করেন। প্রযুক্তি সেবা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম Downdetector-এ অভিযোগের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি অভিযোগ আসে মোবাইল অ্যাপ ব্যবহারে। মোট অভিযোগের ৫৬ শতাংশ ছিল অ্যাপ-সংক্রান্ত, ২৬ শতাংশ ব্যবহারকারী লগইন সমস্যার কথা জানান এবং ১১ শতাংশ অভিযোগ ছিল ওয়েবসাইট ব্যবহারে বিঘ্ন নিয়ে।

ব্যবহারকারীদের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা, রোমানিয়া, মিয়ানমার, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং ফিলিপিন্স বাংলাদেশসহ বিশ্বের নানা অঞ্চলে এ সমস্যার প্রভাব দেখা যায়।

বিভ্রাটের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে এক্সে দেওয়া এক বার্তায় মেটার যোগাযোগবিষয়ক প্রধান Andy Stone বলেন, ব্যবহারকারীরা বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে প্রতিষ্ঠানটি অবগত রয়েছে এবং দ্রুত সমাধানে কাজ করছে।

প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর রাত সোয়া ৮টার দিকে ধীরে ধীরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সেবা স্বাভাবিক হতে শুরু করে।

তবে এ বিভ্রাটের সুনির্দিষ্ট কারণ কিংবা কতজন ব্যবহারকারী এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে বিষয়ে মেটার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিকবার বৈশ্বিক বিভ্রাটের ঘটনা ঘটলেও শুক্রবারের এই সমস্যার প্রকৃত ব্যাপ্তি এখনও স্পষ্ট নয়।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সারাবিশ্ব থেকে আরো পড়ুন


বিজ্ঞাপন