সিলেট

জগন্নাথপুরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত

প্রকাশ: ০৮ জুন ২০২৬ ২৩:০১

ছবি: সিলেটের মানচিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের আধুনিক, নিরাপদ ও টেকসই কৃষি প্রযুক্তিতে দক্ষ করে তোলার লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হলরুমে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মো. ওমর ফারুক।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রফিক মিয়া এবং চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা জোবায়ের আহমদ এবং গীতা পাঠ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজন সরকার।


স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ বলেন, ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ মাঠপর্যায়ের কৃষক, কৃষিবিদ ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি মিলনমেলা। এ কর্মসূচির মাধ্যমে কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, সমন্বিত বালাই ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং নিরাপদ ও বিষমুক্ত ফসল উৎপাদনের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি কৃষকদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতেও বিভিন্ন কৌশল শেখানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মো. ওমর ফারুক বলেন, সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক কৃষির বিকাশে কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে লাভজনক করতে আধুনিক কৃষিযন্ত্র এবং উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।


সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, কৃষকদের যেকোনো সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন সর্বদা পাশে রয়েছে। কৃষি উন্নয়ন ও কৃষকদের কল্যাণে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক সালা উদ্দিন মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ মতিন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জহিরুল ইসলাম লাল মিয়া, শাহজাহান মিয়া, এনজিও প্রতিনিধি রুকনুজ্জামান এবং পার্টনার ফিল্ড স্কুলের সদস্য সাদিয়া ইসলাম তমা।


এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল-আমীন, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক-কৃষাণী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন