সিলেট

জগন্নাথপুরে মা ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সুশীলনের পরামর্শ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১১ জুন ২০২৬ ১৬:০০

ছবি: সিলেটের মানচিত্র

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য, টিকাদান কার্যক্রম এবং কিশোর-কিশোরীদের সুস্থতা বিষয়ে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে


বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


সুশীলনের প্রকল্প সমন্বয়কারী মো. আলমগীর মিয়ার পরিচালনায় এবং উপজেলা সমন্বয়কারী রহমত আরা শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন।


প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “টেকসই উন্নয়ন অর্জনে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি সুশীলনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. মুরছালিন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান রফিক মিয়া, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজ রহমান, মো. আল আমিন ও সাংবাদিক মো. হুমায়ুন কবির।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান, মীরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসনা হেনা, সাংবাদিক রাসেল আহমদ, ইউনিয়ন সমাজকর্মী মো. আনোয়ার হোসেন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক অনু মিয়া এবং স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ইমাম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।


পরামর্শ সভায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা বিষয়ে জনসম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরে এলাকার সার্বিক উন্নয়ন ও সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন