ছবি: সিলেটের মানচিত্র
"অল্প খরচে স্বল্প সময়ে সঠিক বিচার পেতে,চলো যাই গ্রাম আদলতে" শীর্ষক স্লোগানে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায়ে প্রকল্প বাস্তবায়নে স্হানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে বার্ষিক জনসচেতনতামূলক ক্যাম্পেইন, র্যালি ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
জায়ফরনগর ইউপি সদস্য জাকির হোসেন মনির এর সভাপতিত্বে উপজেলা গ্রাম আদালত কার্যক্রমের সমন্বয়কারী দিবাকর চন্দ্র দাস সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও জনবান্ধব ব্যবস্থা। এর মাধ্যমে সাধারণ মানুষ অল্প সময়ে এবং স্বল্প খরচে ন্যায়বিচার লাভ করতে পারেন। তাই গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও বেশি সচেতন করতে হবে।আমাদের ইউনিয়ন পরিষদে দ্রুত মামলা নিষ্পত্তি করে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার নিরলসভাবে কাজ করে যাচ্ছি।তিনি আরও বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করবে এবং সেবা গ্রহণে আগ্রহ বাড়াবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মো. আজাদ মিয়া, আবুল কাসেম, আব্দুল জব্বার, ইউপি সচিব মো. তাজুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি জুড়ী শহরে অনুষ্ঠিত হয়। পরে গ্রাম আদালতের কার্যক্রম, সুবিধা এবং বিরোধ নিষ্পত্তিতে এর ভূমিকা তুলে ধরে একটি ভিডিও শো প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের বিভিন্ন সেবা ও বিচার প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে আয়োজকরা আশা প্রকাশ করেন, গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে, যা সামাজিক সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন