ছবি : সংগৃহীত
সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো ওই গ্রামের আলী আহমদের চার বছর বয়সী কন্যা আনিসা বেগম এবং তার পাঁচ বছর বয়সী ভাগ্নি ফারিয়া বেগম।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু দুটি। একপর্যায়ে তাদের খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
পরে দ্রুত কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসেরগ্রামে। তিনি সাদিক আহমদের মেয়ে। মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এমন হৃদয়বিদারক দুর্ঘটনার শিকার হয় সে।
ঘটনার পর মরদেহ দুটি থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
একই পরিবারের দুই শিশুর অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও গ্রামবাসীর শোকাহত পরিবেশে পুরো এলাকাজুড়ে নেমে এসেছে বিষাদের আবহ।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন