খেলাধুলা

অন্তিম মুহূর্তে ঘানার বাজিমাত

প্রকাশ: ১৮ জুন ২০২৬ ১৩:২৪

ছবি : সংগৃহীত

দীর্ঘ সময় ধরে ম্যাচে ছিল না তেমন কোনো উত্তেজনা। দুই দলই খেলেছে সতর্ক ও রক্ষণাত্মক ফুটবল। তবে শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে ম্যাচের চিত্র বদলে দেয় আফ্রিকার প্রতিনিধি ঘানা।

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ নিজেদের প্রথম ম্যাচে পানামাকে ১-০ গোলে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা।

ম্যাচের বেশিরভাগ সময় আক্রমণে এগিয়ে ছিল পানামা। উত্তর আমেরিকার দলটি মোট ১১টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যভেদী। বল দখল ও আক্রমণ তৈরিতেও তারা ছিল কিছুটা এগিয়ে। কিন্তু ঘানার শক্ত রক্ষণভাগ ভেদ করে কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি তারা।

অন্যদিকে, ঘানা পুরো ম্যাচজুড়েই অপেক্ষা করেছে সুযোগের। সেই সুযোগ আসে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। থমাস আসান্তের নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জালের দেখা পান কালেব ইয়ারেনকি। ৯৫ মিনিটের সেই গোলেই উল্লাসে ফেটে পড়ে ঘানার শিবির।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া চেষ্টা চালায় পানামা। কিন্তু হাতে থাকা অল্প সময় কাজে লাগাতে না পারায় শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

শেষ মুহূর্তের এই জয়ে গ্রুপ ‘এল’-এ দারুণ সূচনা করল ঘানা, আর সম্ভাবনা জাগিয়েও খালি হাতে ফিরতে হলো পানামাকে।

খেলাধুলা থেকে আরো পড়ুন