আলজেরিয়ার বিপক্ষে মহাকাব্যিক এক হ্যাটট্রিক করে বিশ্বকাপের নতুন আসর শুরু করেছেন লিওনেল মেসি। তার অমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই বেড়েছে অন্য দলগুলোর চিন্তা। আর্জেন্টাইন মহাতারকাকে ঠেকাতে তাই সম্ভাব্য সব করবেন অস্ট্রিয়া গোলকিপার আলেকজান্ডার শ্লাগার।
ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় মুখোমুখি হবে অস্ট্রিয়া ও আর্জেন্টিনা। ম্যাচের আগে আপাতত নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত দুই দল। এর মাঝেই সংবাদ সম্মেলনে শ্লাগার জানালেন মেসিকে ঘিরে অস্ট্রিয়ার পরিকল্পনার কথা।
তবে মেসির প্রশংসা শুরুর আগে অস্ট্রিয়ার গোলকিপার জানিয়ে রাখেন, তিনি মূলত পর্তুগালের সুপারস্টার ক্রিস্তিয়ানো রোনালদোর ভক্ত।
“সত্যি করে বললে, আমি ক্রিস্তিয়ানো রোনালদোর বড় ভক্ত। তবে তিনি (মেসি) এমন একজন খেলোয়াড় যিনি দীর্ঘ সময় ধরে অত্যন্ত উচ্চমানের পারফরম্যান্স করে আসছেন। তাই তার বিরুদ্ধে কোনো কথা বলা বা সমালোচনা করার ধৃষ্টতা দেখানো বড্ড বেমানান হবে।”
জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রিয়া। তবে সামনের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে চ্যালেঞ্জটা যে অনেক কঠিন, তা ভালোভাবে জানেন শ্লাগার। আর গোলবারের নিচে তার সবচেয়ে বড় পরীক্ষার নাম হবেন মেসিই।
তাই বলে দমে যেতে চান না অস্ট্রিয়া কিপার। বরং আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসিকে আটকে রাখার জন্য সম্ভাব্য সব করার কথাই বললেন তিনি।
“মাঠের ভেতরে তার উপস্থিতি অসাধারণ, যার প্রভাব পুরো দলের ওপর স্পষ্ট। পিচে থাকার সময় তিনি যে শক্তি আর উদ্দীপনা ছড়িয়ে দেন, তা অতুলনীয়। এ কারণেই তার বিপক্ষে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমরা তাকে আটকে রাখতে বা পরাস্ত করতে সম্ভাব্য সবটুকু চেষ্টা করব।”Sports
খেলাধুলা থেকে আরো পড়ুন