ছবি : সংগৃহীত
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত ২০২৬ সালের মধ্যবর্তী (মিড-ইয়ার) পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। গত বছর ১০০তম অবস্থানে থাকা বাংলাদেশ এবার উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ৯৭তম স্থানে জায়গা করে নিয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত এই সূচকে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে আগাম ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারবেন। যদিও গত বছর এ ধরনের সুবিধাপ্রাপ্ত দেশের সংখ্যা ছিল ৩৭টি, তবুও অন্যান্য দেশের অবস্থানের পরিবর্তনের কারণে সামগ্রিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়েছে।
হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ধারাবাহিকভাবে উন্নত হয়েছে। ২০২১ সালে দেশের অবস্থান ছিল ১০৮তম। এরপর ধাপে ধাপে উন্নতি হয়ে এবার ৯৭তম স্থানে পৌঁছেছে।
বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা (ই-ভিসা), কেনিয়া, বারবাডোসসহ এশিয়া, আফ্রিকা ও ওশেনিয়ার ৩৫টি দেশে সহজ শর্তে ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে প্রতিবছর এই সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনার্স। কোন দেশের নাগরিক কতটি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই এই র্যাঙ্কিং নির্ধারণ করা হয়।
এবারও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের স্বীকৃতি ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পান।
যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও আইসল্যান্ড রয়েছে শীর্ষ দশের শেষভাগে, যৌথভাবে দশম অবস্থানে।
পর্যটন থেকে আরো পড়ুন