প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৭
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের ‘সাদা দল’ সমর্থিত শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত রয়েছে।
উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। বৃহস্পতিবার এই বিক্ষোভে একাত্মতা জানিয়ে ছাত্রদল নেতারাও অংশ নেন।
এদিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে উপাচার্যের অনিয়ম ও দুর্নীতির আংশিক খতিয়ান নামে একটি লিফলেট বিতরণ করা হয়েছে। এতে উপাচার্যের বিরুদ্ধে ১৮ টি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ ও ‘জাতীয়তাবাদী আদর্শের শত্রু’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।
এই আন্দোলনে ছাত্রদলের নেতৃবৃন্দও সমর্থন দিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক সানাউল হোসেন সনি, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, মো: গোলাম রব্বানী, রাকিব হোসেন অত্রাদ, জাহিদ হাসান ফাহাদ, মঈনুল হাসান সাদিক, মেহেদী হাসান রতন, সাদাব হোসেন রিয়ন আহবায়ক সদস্য আশরাফুল ইসলাম সহ ছাত্রদলের সদস্য রাজেশ বাছাড়, তারিকুল ইসলাম, মামুন মিয়া, মুক্তার হোসেন, নাজমুল হোসেন, ধ্রুব সিদ্দিকী।
সিকৃবি ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলামের ‘অনিয়ম ও দুর্নীতির আংশিক খতিয়ান’ শিরোনামে প্রকাশ করা লিফলেটে ১৮ টি বিষয় উল্লেখ করা হয়।
সিলেট থেকে আরো পড়ুন