সিলেট

গোয়াইনঘাটে র‌্যাবের অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ১৫:০২

ছবি : সংগৃহীত

গোয়াইনঘাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‌্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (২২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে র‌্যাব-৯-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোয়াইনঘাট উপজেলার ৫ নম্বর পূর্ব আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল সড়কে অভিযান পরিচালনা করে।

 

অভিযান চলাকালে সড়কের ওপর পরিত্যক্ত অবস্থায় থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে Officer's Choice ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের মোট পরিমাণ ১৭ দশমিক ২৫০ লিটার।

 

র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় ঘটনাস্থলে মদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া বিদেশি মদ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি (জিডি) মূলে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‌্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

সিলেট থেকে আরো পড়ুন