ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। একসময় নিয়মিত সিনেমায় দেখা গেলেও সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি কিছুটা কম। বিরতির পর ‘বেঈমান’ শিরোনামে নতুন সিনেমা নিয়ে ফিরছেন তিনি। এরই মধ্যে যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং শেষ হয়েছে, এখন মুক্তির অপেক্ষা। তবে সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই নায়িকা।
প্রত্যাশার কথা জানিয়ে ইয়ামিন হক ববি বলেন, “বেঈমান’ নিয়ে আমি অনেক আশাবাদী। সিনেমাটির গল্প ও চরিত্র দুটোই আমার কাছে বেশ ভালো লেগেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছে। এখন সিনেমাটি দর্শকের সামনে আসার অপেক্ষায় আছি।”
মুক্তির তারিখ নিয়েও আগ্রহ প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তার ভাষায়, “কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা জানতে অপেক্ষা করছি। আশা করি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে এবং দীর্ঘ বিরতির পর আমাকে নতুনভাবে পর্দায় দেখতে পাবেন তারা।”
ববি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ময়ূরাক্ষী’। এরপর তার অভিনীত আর কোনো সিনেমা মুক্তি পায়নি। নতুন কাজের ব্যস্ততার মধ্যেই সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যের শুটিংয়ে অংশ নেন তিনি। সিনেমাটির গল্প লিখেছেন দেলোয়ার হোসেন দিল।
এ ছাড়া অনিক বিশ্বাস পরিচালিত ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। অর্থাৎ, মুক্তির অপেক্ষায় থাকা ‘বেঈমান’-এর পাশাপাশি আরো নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই চিত্রনায়িকা।
‘খোঁজ দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ববির। দেড় দশকের ক্যারিয়ারে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন। তার অভিনীত ‘দেহরক্ষী’, ‘বিজলী’ ও ‘নোলক’সহ বেশ কিছু সিনেমা দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
বিনোদন থেকে আরো পড়ুন