ছবি: সিলেট মানচিত্র
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী কাইয়ুম চৌধুরী। এ চুক্তিকে কেন্দ্র করে দেশ বিক্রির যে অভিযোগ তোলা হচ্ছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, চুক্তির ফলে বন্দরের কোনো কর্মী চাকরিচ্যুত হবেন না। বরং বন্দরের সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের পারিশ্রমিকও বাড়বে।
এ সময় যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের দ্বিতীয় অবস্থান পুনরুদ্ধারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আসন্ন শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে অনন্য উল্লেখ করে তিনি বলেন, এ সম্প্রীতি দেশের গর্ব ও ঐতিহ্য।
আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা অনুসরণের বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় দুর্গাপূজা চলাকালে নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সভায় স্বাগত বক্তব্য দেন। এতে বক্তব্য দেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।
এ ছাড়া রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা বক্তব্য দেন।
সভায় বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তি ও পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
সি/মা/ডেস্ক/এসসিজে
সারাদেশ থেকে আরো পড়ুন