দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী ১৪টি মামলার পরোয়ানাভুক্ত দুর্ধর্ষ আসামি মোহাম্মদ সাইফুদ্দিন সবুজকে (৬০) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) গভীর রাতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর এলাকা থেকে কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত সাইফুদ্দিন সবুজ মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তাঁর গ্রেপ্তারের সংবাদে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নিজনগর এলাকায় ঝটিকা অভিযান চালায় কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। এ সময় আত্মগোপনে থাকা সবুজকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে একটি সিআর মামলার সাজা পরোয়ানাসহ মোট ১৪টি পরোয়ানাভুক্ত মামলা ঝুলছিল।
বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, আইন এড়াতে দীর্ঘদিন ধরে সবুজ পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন