ছবি: সংগৃহীত
নোয়াখালীর সোনাইমুড়ীতে দেশীয় অস্ত্র তৈরির একটি গোপন কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একটি একনলা বন্দুক, অস্ত্র তৈরির বিভিন্ন যন্ত্রাংশ ও বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে মো. সাইফুল ইসলাম ওরফে শাকের হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ির একটি কাচারিঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম দেওটি গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের আকরাম উদ্দিন হাজী বাড়ির মৃত মুমিন উল্ল্যার ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই কাচারিঘরে অভিযান চালানো হয়। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, বন্দুকের বাট তৈরির উপকরণ, একটি এলজির লোহার বাট, একটি কাঠের বন্দুকের বাট, লোহার তৈরি বন্দুকের বডির বিভিন্ন অংশ, একটি লোহার ট্রিগার ও একটি বোল্ট উদ্ধার করা হয়।
এ ছাড়া অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত তিনটি প্লাস, তারসহ একটি গ্রাইন্ডিং মেশিন, তিনটি রেত বা ফাইল এবং ছোট-বড় আট পিস স্টেইনলেস স্টিলের অংশ জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে গোপনে দেশীয় অস্ত্র তৈরি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সারাদেশ থেকে আরো পড়ুন