সিলেট

রনজিতের নির্দেশে টিলাগড়ে মিছিল, সিলেটে ছাত্রলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬ ০০:২০

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে টিলাগড় এলাকায় ঝটিকা মিছিল করার অভিযোগে এবং অপর তিনজনকে একটি মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেফতার করা হয়েছে।

 

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

 

পুলিশের দাবি, টিলাগড় এলাকায় ঝটিকা মিছিলের ঘটনায় গ্রেফতার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আওয়ামী লীগের সিলেট জেলা যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের নির্দেশনায় ওই মিছিল সংঘটিত হয়।

 

শাহপরাণ থানা পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাঁদের সহযোগীরা বালুচর সড়ক দিয়ে টিলাগড় পয়েন্টের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

 

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার বালিকান্দি মঙ্গলকাটা এলাকার আলাউদ্দিনের ছেলে মোহিন উদ্দিন (১৯), বালুটিকর দাসপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে মাহিন মিয়া (২০) এবং ধর্মপাশা উপজেলার শেলবরশ এলাকার আবুল বাসারের ছেলে মকবুল হোসেন নাহিদ (২০)। তাঁরা নগরীর আরামবাগ ও শিবগঞ্জ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়। এ ঘটনায় শাহপরাণ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

 

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. আফজাল হোসেন জানান, গ্রেফতার তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

এদিকে, একই রাতে নগরীর পৃথক দুটি স্থান থেকে আরও তিনজনকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে মো. সোহেল আহমদ (২০), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নাইম উল ইসলাম নাইম (২৪) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া কাজীবাড়ী গ্রামের শাকিল আহমদের ছেলে জুনায়েদ আহমদ (২৩)।

 

পুলিশ জানায়, রাত পৌনে ১০টার দিকে নগরের মির্জাজাঙ্গাল এলাকার হোটেল নির্ভানা ইন-এর সামনে থেকে সোহেল আহমদকে গ্রেফতার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে বাগবাড়ি এলাকা থেকে নাইম ও জুনায়েদকে গ্রেফতার করা হয়।

 

কোতোয়ালী থানা পুলিশের দাবি, গত ১৮ জুন থানায় দায়ের করা একটি মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। পরে তাঁদেরও আদালতে পাঠানো হয়।

 

উল্লেখ্য, গত রোববার রাতে গোয়াইনঘাট উপজেলার রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সংলগ্ন একটি রিসোর্টে রনজিত চন্দ্র সরকারের মতবিনিময় সভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়। এর পরদিন নগরীর টিলাগড় এলাকায় তাঁর অনুসারীদের ঝটিকা মিছিলের অভিযোগে তিনজনকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

সিলেট থেকে আরো পড়ুন