ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা যেকোনো অবস্থাতেই বজায় রাখা জরুরি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি–এর সঙ্গে এক ফোনালাপে তিনি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন। আলোচনায় তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালী কোনোভাবেই রাজনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত নয়।
রোববার আল-জাজিরার প্রতিবেদনে কাতারের রাষ্ট্রীয় বিবৃতির বরাতে জানানো হয়, প্রধানমন্ত্রী আল থানি স্পষ্টভাবে উল্লেখ করেন—নৌ চলাচলের স্বাধীনতা একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি, যেখানে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, এই প্রণালী বন্ধ করা বা একে চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হলে তা মধ্যপ্রাচ্যে নতুন সংকট সৃষ্টি করতে পারে এবং পার্শ্ববর্তী দেশগুলোর গুরুত্বপূর্ণ স্বার্থ ঝুঁকির মুখে ফেলবে।
বিবৃতিতে আরও সতর্ক করা হয়, এমন পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং আন্তর্জাতিক বাজারের স্থিতিশীলতাও হুমকির মুখে পড়তে পারে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সারাবিশ্ব থেকে আরো পড়ুন