সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নিখোঁজ হওয়া কিশোর তামিম আহমেদের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা ও প্রশাসন।
রবিবার (৩১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তামিম আহমেদ ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর ইউনিয়নের গলুয়া গ্রামের বাসিন্দা এবং মজিবুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার ধর্মপাশা উপজেলা থেকে ৫০-৬০ জনের একটি পর্যটক দল হাউজবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসে। ভ্রমণের একপর্যায়ে চলন্ত হাউজবোট থেকে পাটলাই নদীতে পড়ে যায় তামিম। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন, প্রশাসন ও স্বজনরা তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রবিবার বিকেলে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন