সিলেট

জরিমানায় এসএমপি'র ‌'ডিসকাউন্ট'

প্রকাশ: ১৫ জুন ২০২৬ ১৭:২৬

সিলেটে মোটরযানের উপর ট্রাফিক মামলার জরিমানা পরিশোধে ছাড় (ডিসকাউন্ট) দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শুরু হওয়া ট্রাফিক সপ্তাহ উপলক্ষে ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে এসএমপি। 

জানা গেছে, ‘ট্রাফিক সপ্তাহ-২০২৬’ ২০ জুন পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে ট্রাফিক পুলিশের দায়ের করা মোটরযান আইনের মামলাগুলো নিষ্পত্তি করলে জরিমানার অর্থ পরিশোধে সর্বোচ্চ ২৫ শতাংশ বিশেষ ছাড় পাওয়া যাবে।

 

পুলিশ জানায়, নগরবাসীর অনুরোধের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাফিক সপ্তাহ শুরুর আগে দায়ের করা মামলাগুলোর ক্ষেত্রেও আগামী ২০ জুনের মধ্যে জরিমানা পরিশোধ করলে এই বিশেষ সুবিধা প্রযোজ্য হবে। নগরবাসীকে নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ট্রাফিক মামলা নিষ্পত্তি করে এই সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছে পুলিশ। সেই সাথে ট্রাফিক আইন মেনে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ সিলেট গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনাও করা হয়েছে।
 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে এই বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া মামলা নিষ্পত্তি করলে জরিমানায় সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় পাওয়া যাবে।’

সিলেট থেকে আরো পড়ুন