ছবি: সিলেটের মানচিত্র
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় জনতার ধাওয়ায় দুই সন্দেহভাজনকে আটক করা হলেও তাদের কয়েকজন সহযোগী টাকা নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় দুইটায় পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়া ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করে হামলা চালায়। একপর্যায়ে তাঁর কাছে থাকা প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।
পরে খেজুর মিয়ার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা ধাওয়া করে দুই সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হন। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
আটক ব্যক্তিদের পরে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের ভাষ্য, আটক দুজনের একজন পইল এলাকার এবং অপরজন পাইকপাড়া এলাকার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশ সূত্র জানা যায়, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে ছিনতাই হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়েরের তথ্য পাওয়া যায়নি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া অর্থ উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন