প্রতিকী ছবি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ এর যৌথ আভিযানিক দল।
বুধবার (৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা, মূল্য তালিকা প্রদর্শনে অনিয়ম, খাদ্যপণ্যে নিষিদ্ধ উপাদান মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মুসলিম সুইট মিট, বনফুল অ্যান্ড কোং, ইসওয়ান স্টোর, ফাল্গুনী স্টোর এবং অনুরাগ সুইট মিট। প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছ থেকে পৃথকভাবে মোট ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত নজরদারি চালানো হবে।
এদিকে অভিযানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ভোক্তাদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তারা বাজারে নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও ব্যাপকভাবে পরিচালনার দাবি জানান।
সি/মা/ডেস্ক/এসসিজে
সিলেট থেকে আরো পড়ুন