সিলেট

তাহিরপুরে নৌকা নিয়ে বিরোধের জেরে যুবকের মৃত্যু, আটক ৯

প্রকাশ: ০৯ জুন ২০২৬ ২৩:২৫

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাউজবোট ও মালবাহী নৌকার চালকদের মধ্যে বিরোধের জেরে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টা পর রক্তি নদী থেকে আমিন মিয়া (২২) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।


মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর এলাকায় রক্তি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাউজবোট ও ভৈরবগামী মালামাল পরিবহনকারী নৌকা কোথায় রাখা হবে, তা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। সংঘর্ষের সময় আমিন মিয়া নদীতে পড়ে নিখোঁজ হন।
নিখোঁজের পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা তাকে খুঁজতে থাকেন। পরে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে একই নদী থেকে তার মরদেহ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।


নিহত আমিন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। তিনি মালবাহী নৌকার স্টাফ হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার পর পুলিশ হাউজবোট ও মালামাল পরিবহনকারী নৌকার সঙ্গে সংশ্লিষ্ট ৯ জনকে আটক করে থানায় নিয়ে যায়। পাশাপাশি দুটি নৌকাও জব্দ করা হয়েছে।


তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর ইসলাম জানান, নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিহতের বাবা কামাল হোসেন বলেন, আনোয়ারপুর-পাতারী এলাকায় নৌকা রাখা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থেকেই তার ছেলে নিখোঁজ ছিলেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর পাতারী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সংশ্লিষ্ট নৌকাগুলো থানায় নিয়ে যায়।

 

 

 

সি/মা/ডেস্ক/এসসিজে

সিলেট থেকে আরো পড়ুন