সিলেট

ধোপাদিঘিরপাড়ে তাবলীগের আমির খুন, আপিলে খালাস পেলেন  স্ত্রী 

প্রকাশ: ১৭ জুন ২০২৬ ১৫:৪৮

সিলেট নগরীর ধোপাদিঘির উত্তরপাড় তাবলীগ জামাতের আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল (৫৫) হত্যা মামলায় স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৭ জুন) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ  মাশকুরার আপিল মঞ্জুর করে রায় দেন।


আদালতে আপিলকারী মাশকুরার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে ২০২২ সালের ৩১ জানুয়ারি মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামির আপিল খারিজ করে হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছিলেন হাইকোর্ট।


সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন মাশকুরা।

জানা যায়, সিলেটের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম খলিলের নিজ বাসার শয়নকক্ষ থেকে ২০১৫ সালের ১৮ মে গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের পর জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে আটক করে পুলিশ। এরপর মাশকুরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরে কোতোয়ালি থানায় মামলা দায়ের  করা হয়।
একই বছরের ২৪ আগস্ট ফাতিহার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। বিচার শেষে ২০১৬ সালের ৬ জুন সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা একমাত্র আসামি খলিলের স্ত্রী ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন।

এরপর মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল ও ফৌজদারি আপিল করেন।

সিলেট থেকে আরো পড়ুন